রাজশাহী থেকে কাজী শাহেদ: ‘আমি যখন রাজশাহীতে আসি তখনই আমার মনে হয়েছিল, আমি এখানেই থাকব। মাঝে মধ্যে আমি রাজশাহীতে থাকতাম না। তখনও আমার মনটা এখানে পড়ে থাকত। যেখানেই গিয়েছি রাজশাহীকে ভীষণভাবে অনুভব করেছি। জীবনের বাকি দিনগুলি আমি রাজশাহীতেই কাটাতে চাই।’

৭৬তম জন্মদিনে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ফুলেল শুভেচ্ছা জানান কবিকুঞ্জের সদস্যরা
সোমবার (২ জানুয়ারি) নিজের ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা অনুষ্ঠানে এসব কথা বললেন উপমহাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
বিকাল সাড়ে ৫টায় হাসান আজিজুল হকের নিজ বাসভবনে এ শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী কবিকুঞ্জ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে হাসান আজিজুল হক আরও বলেন, ‘রাজশাহীর নবীন-প্রবীন প্রায় সবমানুষের সঙ্গে আমার আত্মীয়ের মত সম্পর্ক তৈরি হয়েছে। এই মানুষদের ভালোবাসা পেয়ে আমি অভিভূত।’ তিনি বলেন, ‘যতদিন আমার কর্মক্ষমতা থাকবে ততদিন আমি কাজ করে যেতে চাই।’
কবিকুঞ্জ, রাজশাহীর সাধারণ সম্পাদক আরিফুল হক কুমারের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জুলফিকার মতিন ও অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহা। বক্তরা অধ্যাপক হাসান আজিজুল হককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন।
এসময় হাসান আজিজুল হককে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, রাজশাহী আবৃত্তি পরিষদ, রাজশাহী থিয়েটার, উদীচী, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোট, খেলাঘর আসর, বরেন্দ্র প্রোডাকশন, রাজশাহী ফিল্ম সোসাইটি, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা জানায়।
