প্রতিনিধি, খুলনা: রাকিব হত্যা মামলার প্রধান আসামি ওমর শরীফ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার বিকেলে খুলনার মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে জবানবন্দি দেন শরীফ।
জবানবন্দিতে রাকিব হত্যাকাণ্ডের জন্য তিনি একাই দোষী বলে জানিয়েছেন। পুলিশ সোমবার শরীফ ও তার সহযোগী মিন্টুকে পাঁচ দিনের রিমাণ্ডে নেয়। রিমান্ডের দ্বিতীয় দিনেই তিনি দোষ স্বীকার করলেন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, মঙ্গলবার রিমাণ্ডের দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে শরীফ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়। তবে তার সহযোগী মিন্টু খানকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। মিন্টু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়নি।
এর আগে ১০ আগস্ট খুলনার মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে রাকিব হত্যা মামলার প্রধান আসামি শরীফ ও সহযোগী মিন্টু খানকে হাজির করে ১০ দিনের রিমাণ্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ৩ আগস্ট বিকেলে মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেশার মেশিনের পাইপ দিয়ে শরীরে বাতাস ঢুকিয়ে রাকিবকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
