দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

দক্ষিণ এশিয়ার কৃষি-খাদ্য ব্যবস্থায় টেকসই পরিবেশবান্ধব পদ্ধতির দ্রুত বিস্তার এবং রূপান্তরের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

মঙ্গলবার (২৯ জুলাই) ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তাঁরা।

সার্ক কৃষি কেন্দ্র , ঢাকা, ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়েলথ হাঙ্গার হিলফে তিন দিনের এ কর্মশালার আয়োজন করে।কর্মশালার মূল লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদ্যমান কৃষিবান্ধব নীতি, কর্মসূচি ও বাস্তবচর্চা মূল্যায়ন এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এর বিস্তার ত্বরান্বিত করার কৌশল নির্ধারণ করা।

বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা—এই পাঁচটি সার্ক সদস্য দেশের  কৃষি ও পরিবেশবিষয়ক গবেষক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞসহ ৬৫ জন প্রতিনিধি কর্মশালায় অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব থিনলে নামগেল। বিশেষ অতিথি ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমাদ তরফদার এবং ভুটানের কৃষি বিভাগের পরিচালক ইয়োনটেন গিয়ামতশো।

কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশিদ।

আয়োজকরা জানিয়েছেন, কর্মশালার শেষ দিনে দক্ষিণ এশিয়ার কৃষি-খাদ্য ব্যবস্থায় পরিবেশবান্ধব কৃষির রূপান্তর ত্বরান্বিত করতে একটি নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে আশা করা যাচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তি