ফুলবাড়ীতে ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠকের পর বিএসএফের কাছে হস্তান্তর

মো. আফজাল হোসেন, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে অনুপ্রবেশের সময় আটককৃত এক ভারতীয় যুবককে পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর  কাছে হস্তান্তর করেছে বিজিবি।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে ফুলবাড়ী উপজেলার রসুলপুর সীমান্তে বাংলাদেশের সীমানার একটি মাঠ থেকে তাকে আটক করে বিজিবির টহলদল

আটককৃত যুবকের নাম আরিয়ান মির্জা (১৯)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার বাসিন্দা।

বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ২৮ জুন নেত্রকোনা জেলার কলমাকান্দা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকেন। একমাস বাংলাদেশে অবস্থানের পর ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৩০ জুলাই পুনরায় ভারতে ফেরার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে তাকে ভারতের ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মাধবপুর ক্যাম্পের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।