পিএইচডি-স্তরের বুদ্ধিমত্তা: জিপিটি-৫ উন্মোচন করল ওপেনএআই

অনলাইন ডেস্ক:  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আরেকটি বড় পদক্ষেপ হিসেবে ওপেনএআই  আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল তাদের নতুন মডেল জিপিটি-৫। ৭ আগস্ট ২০২৫ তারিখে উন্মোচন করা এ সংস্করণটি কোম্পানির ভাষ্য অনুযায়ী, এই মডেলটি আগের সংস্করণের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান, দ্রুত এবং জটিল সমস্যার সমাধানে সক্ষম।

ওপেনএআই-এর প্রধান নির্বাহী সাম অল্টম্যান বলেন, “জিপিটি-৫ অনেক ক্ষেত্রে পিএইচডি-স্তরের বিশেষজ্ঞের মতো কাজ করতে পারে। এটি আর্টিফিসিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।” তবে তিনি উল্লেখ করেন, “এখনো এটি পূর্ণাঙ্গ এজিআই নয়।”

নতুন মডেলটি এখন থেকে চ্যাটজিপিটি-এর ডিফল্ট ভার্সন হিসেবে ব্যবহৃত হবে। ফ্রি ব্যবহারকারীরাও সীমিত আকারে জিপিটি-৫ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি বাণিজ্যিক ব্যবহারকারী ও ডেভেলপারদের জন্য এপিআই-এর মাধ্যমে মডেলটি উন্মুক্ত করা হয়েছে।

প্রকাশের পর কিছু ব্যবহারকারী আগের মডেল জিপিটি-৪ ফেরানোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে অল্টম্যান জানান, প্রাথমিক পর্যায়ে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিলেও তা সমাধান করা হচ্ছে এবং মডেল ব্যবহারে আরও স্বচ্ছতা আনা হবে।

বিশ্বের প্রযুক্তি মহলে জিপিটি-৫ এর আবির্ভাব এআই অগ্রগতির নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষা, গবেষণা, ব্যবসা, মিডিয়া ও সৃজনশীল কাজে এটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

সূত্র: এপি, ওপেনএআই ব্লগ