কৃষি গবেষণা, সম্প্রসারণ সেবা, পুষ্টি, নীতি নির্ধারণসহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) এবং সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে (এসএসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আইএফপিআরআই মহাপরিচালক ড. জোহান সুইনেন। এ ছাড়া উপস্থিত ছিলেন এসএসি পরিচালক ড. মো. হারুনূর রশিদ, আইএফপিআরআই দক্ষিণ এশিয়া অফিসের পরিচালক ড. শহীদুর রশিদ, সিনিয়র পরিচালক ড. পূর্ণিমা মেনন এবং ব্যবসা উন্নয়ন ও বহিঃসম্পর্ক পরিচালক ড. টেউনিস ভ্যান রিনেন।
অনুষ্ঠানে সার্ক মহাসচিব বলেন, এ অংশীদারিত্ব প্রযুক্তি উন্নয়ন ও কার্যকর সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইএফপিআরআই মহাপরিচালক ড. সুইনেন জানান, জ্ঞান ব্যবস্থাপনা, কৃষি বাণিজ্য, নীতি উদ্ভাবন ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানটি খাদ্যনিরাপদ, সহনশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার লক্ষ্যে যৌথ প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হয়।
প্রেস বিজ্ঞপ্তি
