আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী আবদুল খালেককে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
আবদুল খালেক বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএমএম ডিগ্রি শেষে ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারের ৮৪ ব্যাচে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
আবদুল খালেক জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যশোর ও চাঁদপুরে দায়িত্ব পালন করেন। তিনি দিনাজপুর ও গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও নৌপরিবহণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ ইনলেন্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন (বিআইডব্লিউটিসি) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি), বোর্ড অব ইনভেস্টমেন্ট (বিওআই) দায়িত্ব পালন করেন।
আবদুল খালেক নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় বাউসি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী মিসেস রুবিনা খালেক একজন কলেজ শিক্ষিকা। আবদুল খালেক এক ছেলে ও দুই মেয়ের জনক।
বর্তমানে অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ।
