ঢাকার ডেসকো এলাকায় বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালী করতে প্রকল্পের ব্যয় ৬২৭ কোটি ২৪ লাখ টাকা বাড়ানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপার্সন তারেক রহমান। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে জানানো হয়, ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে অনুমোদিত প্রকল্পটির মূল ব্যয় ছিল ২ হাজার ২৭২ কোটি ৪৮ লাখ টাকা। সংশোধনের পর প্রকল্পটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৯ কোটি ৭১ লাখ টাকা।
একনেক সভায় মোট চারটি সংশোধিত প্রকল্পের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে সম্মিলিতভাবে ব্যয় বাড়ছে ৯৩১ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকা।
এ ছাড়া সভায় ছয়টি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ‘গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে’ ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা। ‘রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ ব্যয় হবে ১ হাজার ৩১১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার টাকা।
