গত ১৭ বছর সংবাদমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত ছিল: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা প্রয়োজন। তার দাবি, গত ১৭ বছর এই স্বাধীনতা বিভিন্নভাবে সীমিত ছিল।

সরকারের কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে সঠিক ও বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অন্যায় বা অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, জনগণ তাদের ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। তাই জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকারের দায়িত্বশীলভাবে কাজ করা উচিত।