অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল

ভারত সফরের অংশ হিসেবে আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই সফরে বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। এ বিষয়ে সম্ভাব্য পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার ঢাকায় আসে ব্রাজিলের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্যরা বিকেলে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় তারা মাঠের অবস্থা, ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এরপর তারা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের প্রতিনিধিরা।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত রয়েছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। এই সময়ে একটি জাতীয় দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পায়। ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে তারা।

ফিফা উইন্ডোর শেষ দিকে, অর্থাৎ ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল। ইতিবাচক সাড়া পেলে প্রায় ৯০ সদস্যের দল নিয়ে বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এ বিষয়ে এখনো ব্রাজিলের প্রতিনিধি দল বা বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচিই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে এশিয়ান কাপের টুর্নামেন্ট, যার ফাইনাল ৩ অক্টোবর। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। ফলে জাতীয় দলের সূচি বিবেচনায় নিয়ে ব্রাজিলের প্রস্তাবে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সম্মতি জানায়নি বাফুফে।