পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
সোমবার জারি করা অফিস আদেশে বলা হয়, অভিযুক্তদের কয়েকজনকে ৫ থেকে ২০ হাজার টাকা জরিমানা, এক সেমিস্টার থেকে এক বছর পর্যন্ত হল ও ক্লাস থেকে বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই ধরনের অপরাধ পুনরায় করলে স্থায়ী বহিষ্কারের সতর্কতাও দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় জানায়, ১৯ আগস্ট রাতে বিজয়-২৪ হলের কমনরুমে আইন ও ভূমি প্রশাসন অনুষদের এক নবীন শিক্ষার্থীকে র্যাগিং করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্তে র্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও অংশগ্রহণের পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়ার পর শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্তে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।
