মায়ের নাম একই, ময়মনসিংহ মেডিকেলে দুই নবজাতক বদল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের নাম একই হওয়ায় ভুল করে দুই পরিবারের নবজাতক বদলে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় বিষয়টি ধরা পড়ার পর রাতেই শিশুটিকে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবার সকালে দুই পরিবারের কাছে তাদের নিজ নিজ সন্তান তুলে দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী ও ময়মনসিংহের গৌরীপুরের দুই পরিবারের কন্যাশিশু অসুস্থ হয়ে হাসপাতালের এনআইসিইউতে ভর্তি ছিল। চিকিৎসা শেষে সোমবার ছাড়পত্র দেওয়ার সময় ভুল করে গৌরীপুরের শিশুকে সরিষাবাড়ীর পরিবারের কাছে দেওয়া হয়।

শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার পর ভুলটি বুঝতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে রাত তিনটার দিকে শিশুটিকে ফিরিয়ে এনে পরিচয় নিশ্চিত করা হয় এবং দুই পরিবারের কাছে সন্তান বুঝিয়ে দেওয়া হয়।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, দুই শিশুর মায়ের নাম একই হওয়ায় এ ভুল হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।