আজিজুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের চানপুর দক্ষিণ গ্রামের সর্বজনীন দুর্গামণ্ডপের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার ভোর রাত আনুমানিক ৪টা থেকে ৬টার মধ্যে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় সর্বজনীন দুর্গামণ্ডপের সভাপতি কালিপদ বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে চানপুর দক্ষিণ সর্বজনীন দুর্গামণ্ডপে লোকজন এসে দেখেন প্রতিমার হাত-পাসহ বিভিন্ন স্থান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
ভোর রাত ৪টা পর্যন্ত মণ্ডপে স্থানীয় দুই যুবক পাহারায় ছিল। তারা চলে যাবার পর সকাল ৬টার মধ্যে যে কোনো এক সময় এ ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানসহ প্রশাসন ও উপজেলা পূজা কমিটির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান প্রতিমা ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অস্থায়ী ভিত্তিতে উপরে টিন এবং দুদিকে বেড়া দিয়ে প্যান্ডেলে মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের দুদিক খোলা। ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার সময়ের মধ্যে কে বা কারা প্রতিমার হাত-পা, অসুরের তীরসহ মূর্তি ভাংচুর করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’
