রতন সিং, দিনাজপুর: দিনাজপুর শহরে পুলিশ অভিযান চালিয়ে সাত ককটেল ও জিহাদী বইসহ তিন শিবির কর্মীকে গ্রেফতার করেছে। অভিযানে চালিয়ে পুলিশ আরও ৪৯ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, বুধবার ভোরে শহরের পশ্চিম রামনগরের মানিকপীর স্কুলপাড়ার আতিকুর রহমানের ছাত্রাবাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭টি ককটেল ও বিপুল পরিমান জিহাদী বইসহ ৩ শিবির কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৩ শিবির কর্মী হচ্ছে জেলার চিরিরবন্দর উপজেলা সদরের লিয়াকত আলীর ছেলে শরিফুজ্জামান (২০), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শিরইল গ্রামের এনামুল হকের ছেলে আতিকুর রহমান আতিক (২০) এবং নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিণ মটকপুরের মোঃ কাসেম আলীর ছেলে বাদশা আলমগীর (২১)।
সূত্রটি জানায়, নাশকতার উদ্দেশ্যে শিবির কর্মীরা একত্রিত হয়ে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় কোতয়ালী থানার এসআই বিপ্লব কুমার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১)(ক) সহ ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনের ৪ ধারায় ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এফএম আহসানুল হকের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য্য করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪৯ জন আসামিকে গ্রেফতার করে। বুধবার দুপুরে ৩ শিবির কর্মীসহ ৫২ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
