রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছোড়ার অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াত-শিবিরের ১৮ জন এবং বিএনপির একজন কর্মী রয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে নারী ও শিশুসহ চারজন জীবন্ত পুড়ে মারা যায়। এ ঘটনায় ১২ জন অগ্নিদগ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ একজন আজ মারা যায়।

এদিকে অনির্দিষ্টকালের অবরোধের দশম দিনে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রংপুর নগরীতে হরতাল পালিত হচ্ছে।
পুলিশ জানিয়েছে- নাশকতার অভিযোগে মোট ৫১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে মিঠাপুকুরে বাসে পেট্রোলবোমা ছোড়ার অভিযোগ আনা হয়েছে।
হরতালে নাশকতা মোকাবেলায় মহাসড়কসহ নগরীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি।
হরতালের সময় দলীয় নেতা-কর্মীদের পিকেটিং দেখা যায়নি। নগরীর দোকান-পাট এবং শপিংমলগুলো বন্ধ রয়েছে । স্বল্প সংখ্যক যানবাহন চলাচল করছে।
