সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা): বরগুনার আমতলীতে গভীর রাতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের লোহার মালামাল বহনকারী একটি লো-বেড ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ছুরিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম ইমরান হোসেন সাগর (৩৮)। তিনি বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা রোডের বাসিন্দা । আমতলীতে বিয়ে করার পর থেকে তিনি সেখানেই বসবাস করে আসছেন।
পুলিশ জানায়, কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পুরনো লোহার মালামাল বহনকারী একটি লো-বেড ট্রাক ছুরিকাটা এলাকায় পৌঁছালে ১২-১৩ জনের একটি দল ট্রাকটি থামিয়ে চালকের মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর মালিকের কাছে ফোন করে এক লাখ টাকা চাঁদা দাবি করে তারা।
খবর পেয়ে আমতলী থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সাগর নামের একজনকে আটক করা সম্ভব হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “ট্রাকচালকের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আটক সাগর তার সাথে থাকা অন্যান্যদের নাম জানিয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।”
তিনি আরও জানান, চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
