বাংলাদেশের বাজারে বৈদ্যুতিক গাড়ির দুটি উন্নত মডেল নিয়ে এলো বিওয়াইডি

বাংলাদেশের বাজারে বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি অ্যাটো ৩-এর দুটি উন্নত সংস্করণ উন্মোচন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে কোম্পানির প্রধান শোরুমে আনুষ্ঠানিকভাবে এসব মডেল উন্মোচন করা হয়।

উন্নত মডেলের দুটি ধরন বাজারে এসেছে। এর মধ্যে সাধারণ মডেলের (স্ট্যান্ডার্ড রেঞ্জ ) দাম ৪৯ লাখ ৯০ হাজার টাকা। এটি একবার চার্জে ৩৪৫ কিলোমিটার চলবে।

এর চেয়ে উন্নততর মডেলের (এক্সটেন্ডেড রেঞ্জ) দাম ৫৫ লাখ ৯০ হাজার টাকা। এটি একবার চার্জে ৪২০ কিলোমিটার চলতে সক্ষম।

উভয় গাড়ির জন্য আলাদা ওয়ারেন্টি ঘোষণা করা হয়েছে।  ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার, মোটর ও কন্ট্রোলারের জন্য ৮ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার এবং পুরো গাড়ির জন্য ৬ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার।

নতুন সংস্করণে ব্যাটারি, চাকা, আলো ও ভেতরের সাজসজ্জায় পরিবর্তন আনা হয়েছে। এতে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দ্রুত চার্জারে আধাঘণ্টায় ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়। গাড়িতে রয়েছে সাতটি এয়ারব্যাগ, ড্রাইভার সহায়ক প্রযুক্তি এবং বায়ু চলাচল সুবিধাযুক্ত সামনের সিট। গাড়িগুলো ইউরো এনসিএপি’র পাঁচ তারকা নিরাপত্তা মান পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের বিপণন প্রধান ইমতিয়াজ নওশের, বিক্রয় প্রধান ফাহমিদ ফেরদৌস এবং কৌশল ও ডিজিটাল ব্যবস্থাপক শাহনুমা শারমিন।

ইমতিয়াজ নওশের বলেন, “বাংলাদেশ বৈদ্যুতিক গাড়ির জন্য প্রস্তুত। তবে চার্জিং স্টেশন সহজলভ্য করা জরুরি। এজন্য আমরা সরকার ও অংশীদারদের সঙ্গে কাজ করছি।”

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ থেকে ২৫ সেপ্টেম্বর ‘অ্যাটো ৩ সপ্তাহ’ পালন করা হবে। এ সময়ে ক্রেতারা গাড়ি ব্যবহার করে দেখার সুযোগ পাবেন।

প্রেস বিজ্ঞপ্তি