ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রুহুল কুদ্দুস খান নিয়োগ পেয়েছেন। আগামী ১ নভেম্বর থেকে তিনি এ দায়িত্ব নেবেন।
রুহুল কুদ্দুস খান ১৯৯৬ সালে ইউনিলিভারের কালুরঘাট কারখানায় ফিউচার লিডারস প্রোগ্রামের ট্রেইনি হিসেবে যোগ দেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর এবং পরে হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড লজিস্টিকস হিসেবে কাজ করার সময় তিনি ডিজিটাল রূপান্তর, প্রসেস অটোমেশন ও গ্রাহককেন্দ্রিক কার্যক্রমে ভূমিকা রাখেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে যন্ত্রকৌশলে ডিগ্রিধারী রুহুল টেকসই উন্নয়ন ও নেট জিরো অর্জনে ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগেও সম্পৃক্ত ছিলেন।
ইউনিলিভারের পাকিস্তান, তুরস্ক, আরব ও বাংলাদেশ (পিটিএবি) অঞ্চল প্রধান শাজিয়া সাইয়েদ বলেন, “রুহুল ব্যবসা রূপান্তর ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় দক্ষতা দেখিয়েছেন। তাঁর নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশ অগ্রযাত্রা অব্যাহত রাখবে।”
ইউনিলিভার জানিয়েছে, নতুন নেতৃত্বের অধীনে প্রতিষ্ঠানটি টেকসই উন্নয়ন ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমে মনোযোগ দেবে।
প্রেস বিজ্ঞপ্তি
