ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

বিয়ে ঘিরে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। মরক্কোর নাগরিক সোহাইলা আল-তাহিরির সঙ্গে তার বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তিনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে সেই খবরকে সরাসরি ভিত্তিহীন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই ফুটবলার। একই সঙ্গে ইসলামের প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানিয়েছেন তিনি।

সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার কাছে শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস। তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলী শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর বিষয়টি আরও ছড়িয়ে পড়ে।

আলী শাহিনের দাবি ছিল, সাও পাওলোতে শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের পর ইসলাম গ্রহণ করেন কার্লোস। এর সঙ্গে ইসলামি রীতিতে বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়ায় গুঞ্জন আরও জোরালো হয়।

তবে সৌদি সংবাদমাধ্যম ‘ওকাজ’ কে দেওয়া সাক্ষাৎকারে কার্লোস জানিয়েছেন, তার ধর্মান্তরিত হওয়ার খবর সত্য নয়। ইসলামের প্রতি নিজের সম্মানের কথা জানিয়ে তিনি বলেন, স্ত্রীকে নামাজ পড়তে দেখা তার কাছে ভালো লাগার বিষয় হলেও ইসলাম গ্রহণের খবরটি সম্পূর্ণ মিথ্যা।

বিয়ের আয়োজন নিয়েও তৈরি হওয়া বিভ্রান্তির ব্যাখ্যা দিয়েছেন সাবেক এই লেফটব্যাক। তার পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় পারিবারিক বিশ্বাস অনুযায়ী একটি আয়োজন ছিল। পাশাপাশি মরক্কোর স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের ধর্মীয় সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে বিয়েতে ইসলামি রীতিও রাখা হয়েছিল।

কার্লোসের ভাষ্য, স্ত্রীর ধর্মীয় রীতিতে অংশ নেওয়া তার নিজের ধর্ম পরিবর্তনের প্রমাণ নয়। দুই পরিবারের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে সম্মান জানাতেই বিয়েতে ভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়েছিল।

সোহাইলার সঙ্গে সম্পর্কের শুরু নিয়েও কথা বলেছেন কার্লোস। ফুটবলসংক্রান্ত একটি ব্যবসায়িক বৈঠকে তাদের প্রথম পরিচয়। সোহাইলাকে সফল নারী উদ্যোক্তা হিসেবে উল্লেখ করে কার্লোস জানান, প্রায় দুই বছর ধরে তাদের সম্পর্ক। এই সময়ে ব্যক্তিগত ও পেশাগত- দুই ক্ষেত্রেই তাদের বোঝাপড়া আরও গভীর হয়েছে।