জাপানে ট্রেনের ধাক্কায় চার রেলশ্রমিক নিহত

জাপানে ট্রেনের ধাক্কায় চার রেলশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চারজনকেই অচেতন অবস্থায় পাওয়া যায়।

দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় তিন শ্রমিক ট্রেনের নিচে আটকে ছিলেন। অন্য একজন প্ল্যাটফর্মে পড়ে ছিলেন। পরে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বরাতে জানা যায় স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ মিনিটে প্রথম জরুরি সেবা সংস্থায় দুর্ঘটনার খবর পৌঁছায়। আহতদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও তাদের কেউই তখন সাড়া দিচ্ছিলেন না।

বার্তা সংস্থা এএফপিকে দমকল বিভাগের এক কর্মকর্তা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জাপানি সংবাদমাধ্যম নিপ্পন টিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় শ্রমিকেরা রেললাইনের আশপাশের আগাছা পরিষ্কারের কাজ করছিলেন।

রেল নিরাপত্তার ক্ষেত্রে জাপান বিশ্বের অন্যতম শীর্ষ দেশ হিসেবে পরিচিত। উন্নত প্রযুক্তি, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং কঠোর প্রশিক্ষণের কারণে দেশটির রেলপথে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল।

বিশেষ করে জাপানের বিখ্যাত শিনকানসেন বুলেট ট্রেন ব্যবস্থায় দুর্ঘটনায় যাত্রী মৃত্যুর ঘটনা অত্যন্ত বিরল। রেললাইনচ্যুতি বা সংঘর্ষে শিনকানসেনের কোনো যাত্রী নিহত হওয়ার ঘটনাও এখন পর্যন্ত ঘটেনি।