আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সামনে এসেছে বড় একটি সুযোগ। প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভারতের সরে দাঁড়ানোর পর তাদের জায়গায় বাংলাদেশকে টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ জানানো হয়। বাফুফের জাতীয় দল কমিটির জরুরি সভায় সেই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বাফুফে সূত্রে জানা গেছে, ফিফা ও টুর্নামেন্ট আয়োজকরাও বাংলাদেশের অংশগ্রহণে সম্মতি দিয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ফিফার সরাসরি তত্ত্বাবধান ও অর্থায়নে আয়োজিত টুর্নামেন্টটি সামনে রেখে সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় ভারত। এর পরই আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তারা। ভারতের পরিবর্তে বাংলাদেশকে অংশ নেওয়ার প্রস্তাব দেয় ফিফা ও আয়োজকরা।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে ম্যাচগুলো বাংলাদেশের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও আত্মবিশ্বাস বাড়াতেও এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাফুফে সূত্র জানিয়েছে, টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। দলটির বিমানযাত্রা, থাকা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের দায়িত্ব নেবে আয়োজকরা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও সেমিফাইনালিস্ট দলগুলোর জন্য থাকছে উল্লেখযোগ্য অর্থমূল্যের পুরস্কারও।
