ইউটিউবের বিকল্প হতে আন্তর্জাতিক বাজারে বিলিবিলি

চীনের ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্য নিয়ে প্ল্যাটফর্মটি আন্তর্জাতিক অ্যান্ড্রয়েড অ্যাপের নতুন সংস্করণ চালু করেছে।

নতুন সংস্করণে চীনের বাইরে থেকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্র দিয়ে পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ফলে বিদেশি ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়া সহজ হবে।

আন্তর্জাতিক সংস্করণে চীনা ও বিদেশি ভিডিও একই প্ল্যাটফর্মে দেখানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইট চালু এবং বিদেশি ভিডিও নির্মাতাদের আকৃষ্ট করার উদ্যোগও নিচ্ছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার জন্য লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওসহ বিভিন্ন শহরে কর্মী নিয়োগ করছে বিলিবিলি। ভিডিও নির্মাতা ও ব্র্যান্ডগুলোর মধ্যে বাণিজ্যিক যোগাযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।

চীনে অ্যানিমেশন, গেমিং ও বিনোদনমূলক কনটেন্টের জন্য জনপ্রিয় বিলিবিলি এখন বিশ্বব্যাপী দর্শকভিত্তি গড়ে তুলতে চায়। তবে ইউটিউবের মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে ভালো নির্মাতা ও বৈচিত্র্যময় কনটেন্ট আকর্ষণ করা বড় চ্যালেঞ্জ হবে।

একই সঙ্গে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ক্ষেত্রে তথ্য সুরক্ষা ও সরকারি নজরদারি নিয়েও ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে পারে চীনা মালিকানাধীন প্ল্যাটফর্মটি।