ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখ রিয়াল

যুদ্ধ, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ইরানের মুদ্রা রিয়ালের দরপতন আরও তীব্র হয়েছে। রোববার দেশটির খোলাবাজারে ১ মার্কিন ডলারের বিনিময়মূল্য প্রায় ২০ লাখ রিয়ালে পৌঁছেছে, যা রিয়ালের ইতিহাসে সর্বনিম্ন অবস্থান।

সপ্তাহের শুরুতে প্রতি ডলারের দাম ছিল প্রায় ১৮ লাখ ৬৫ হাজার রিয়াল। কয়েক দিনের মধ্যেই ডলারের বিপরীতে রিয়ালের আরও অবমূল্যায়ন হয়েছে।

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা এবং ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়াকে এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বিদেশি মুদ্রার চাহিদা বৃদ্ধি, তেল রপ্তানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারে অনিশ্চয়তাও চাপ বাড়াচ্ছে।

রিয়ালের বর্তমান দরপতনের মাত্রা বোঝাতে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে ১ ডলারের বিনিময়মূল্য ছিল মাত্র ৭০ থেকে ৭৫ রিয়াল।

অর্থনৈতিক সংকটের প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়ছে। খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় জনজীবনে চাপ বাড়ছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ এবং হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ, নিষেধাজ্ঞা, বৈদেশিক মুদ্রার সংকট ও কূটনৈতিক অচলাবস্থার সম্মিলিত প্রভাবে ইরানের মুদ্রাবাজারে অস্থিরতা আরও বাড়ছে।

সূত্র: গালফ নিউজ