নতুন মৌসুমে চেনা লম্বা চুলের বদলে ছোট চুলে মাঠে নেমেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে।
রবিবার নিজের নতুন চুলের ছবি প্রকাশ করেন হালান্ড। নতুন মৌসুমের সঙ্গে নতুন চুলের ছাঁট- এমন বার্তাই দেন তিনি। পরে চুল কাটার বিভিন্ন ধাপের ছবি প্রকাশ করে মজার ছলে জানান, ছোট চুল নিয়ে কে কী বলল, তাতে তার কিছু যায় আসে না।
এর কয়েক ঘণ্টা পর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামে হালান্ডের ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের আগে নতুন চুলের ছাঁটেই সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন তিনি।
দীর্ঘ চুল এতদিন হালান্ডের পরিচিত চেহারার অন্যতম বৈশিষ্ট্য হওয়ায় নতুন লুকে তাকে দেখে অনেক ভক্তই প্রথমে কিছুটা অবাক হয়েছেন।
হালান্ডের লম্বা চুল রাখার পেছনে ছিল সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের পরামর্শ। এর আগে এক সাক্ষাৎকারে হালান্ড জানিয়েছিলেন, ইব্রাহিমোভিচ তাকে চুল না কাটার পরামর্শ দিয়েছিলেন এবং মজা করে বলেছিলেন, চুলেই লুকিয়ে থাকে শক্তি। সেই পরামর্শ মেনেই এতদিন লম্বা চুল রেখেছিলেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
