কুড়িগ্রামে লুট হওয়া সারের ১১৫ বস্তা উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলারের গুদাম থেকে নিয়ে যাওয়া ১১৫ বস্তা সার উদ্ধার হয়েছে। এ ঘটনায় গুদাম মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

রবিবার শিলখুড়ি ইউনিয়নে মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের গুদাম থেকে ১৯৭ বস্তা সার নিয়ে যান বিক্ষুব্ধ কৃষকেরা। তাদের দাবি, মজুদ থাকার পরও সার সরবরাহ করেনি উক্ত ডিলার। পরে বিভিন্ন সময়ে ১১৫ বস্তা সার উদ্ধার হলেও এখনো ৮২ বস্তা সার উদ্ধার হয়নি।

ঘটনার পর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সার ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। সোমবার তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে কৃষক, ডিলার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে। বাকি সার উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।