নিজস্ব প্রতিবেদক।। সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রশিক্ষণার্থী-প্রশিক্ষক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং দ্য ডেইলি স্টার-এর পটুয়াখালী প্রতিনিধি মোঃ সোহরাব হোসেনের আকস্মিক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তিনি গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পটুয়াখালী জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হৃদ্রোগে আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
সোহরাব হোসেন দীর্ঘ ২২ বছরের বেশি সময় ধরে দ্য ডেইলি স্টার-এর পটুয়াখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত সংগঠনটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তৃণমূল সাংবাদিকতার উন্মেষ ও বিকাশে তিনি নিরন্তর কাজ করেছেন। স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার প্রসার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সাংবাদিকের প্রয়াণ ঘটল।
মরহুম সোহরাব হোসেন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান শোক প্রকাশ করে বলেন, “সোহরাব হোসেন ছিলেন আমরা আমাদের সুদীর্ঘ সময়ের সঙ্গী, সহকর্মী, বন্ধু ভাই সোহরাব হোসেনকে ভুলব না। সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
