শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্র্যাক নেক্সটজেন ২০২৬-চূড়ান্ত আয়োজন: প্রতিভা ও সৃজনশীলতার চর্চা

সাভার, ২১ নভেম্বর ২০২৬: নৃত্য, সংগীত, চিত্রশিল্প ও সামাজিক উদ্ভাবনে শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে ব্র্যাক আয়োজিত ‘ব্র্যাক নেক্সটজেন ২০২৬’-এর চূড়ান্ত আয়োজন অনুষ্ঠিত হয়েছে আজ ব্র্যাক সিডিএম, সাভারে। এতে ব্র্যাক সেকেন্ডারি স্কুলের দুটি ক্লাস্টারের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেদের আগ্রহ, দক্ষতা ও প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি করতে ব্র্যাক নেক্সটজেন উদ্যোগ নেওয়া হয়েছে। আত্মবিশ্বাস, যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের পাশাপাশি বাস্তব জীবনের সমস্যা চিহ্নিত করে সৃজনশীল সমাধান খুঁজতে শিক্ষার্থীদের উৎসাহিত করা এ উদ্যোগের লক্ষ্য।

এবারের আয়োজনে চারটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। নৃত্যের বিভাগ ‘মুভ’ (MOVE), সংগীতের বিভাগ ‘ভয়েস’ (VOICE), চিত্রশিল্পের বিভাগ ‘ক্যানভাস’ (CANVAS) এবং সামাজিক উদ্ভাবনের বিভাগ ‘সলভ’ (SOLVE)। বিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা ও বাছাই শেষে ৫৮ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হয়। নির্বাচিত শিক্ষার্থীরা তিন দিনব্যাপী মেন্টরিং বুটক্যাম্পে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা, হাতে-কলমে অনুশীলন ও মতামতের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও উন্নত করে।

চূড়ান্ত আয়োজনে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশনা, চিত্রকর্ম প্রদর্শনী এবং বাস্তব জীবনের নানা সমস্যার উদ্ভাবনী সমাধান উপস্থাপন করে। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল ধ্রুপদি ও নজরুল নৃত্য এবং ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে সংগীতনাট্য। ‘ক্যানভাস’ বিভাগে শিক্ষার্থীরা চিত্রকর্মের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা, স্বপ্ন ও ভাবনা তুলে ধরে। ‘সলভ’ বিভাগে বিদ্যালয়, পরিবার ও সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে বাস্তবসম্মত ও সৃজনশীল সমাধান উপস্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। এ ছাড়া উপস্থিত ছিলেন আড়ংয়ের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা তানভীর হোসেন, ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীর, ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির সোশ্যাল এন্টারপ্রাইজ বিভাগের হেড অব সোশ্যাল এন্টারপ্রাইজ নিভিন রেজা।

ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীর বলেন, “বাংলাদেশের চারপাশে যখন এত নেতিবাচক খবর দেখি, তখন আপনাদের প্রতিভা, মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা দেখে মনে হয়েছে, আপনারাই সেই শক্তি, যারা এই বাংলাদেশকে বদলে দিতে পারবেন। আপনাদের প্রত্যেকের মধ্যেই সেই সম্ভাবনা রয়েছে।”

ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান বলেন, শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে ফিরে এই অভিজ্ঞতা ও শেখাগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেবে বলে তারা আশা করেন। আগামী বছর ব্র্যাক নেক্সটজেনকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে ব্র্যাকের ১২টি বিদ্যালয়ের আরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায় এবং ভবিষ্যতে দেশের আরও শিক্ষার্থীর কাছে এ প্ল্যাটফর্ম পৌঁছে দেওয়া যায়।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির সোশ্যাল এন্টারপ্রাইজ বিভাগের হেড অব সোশ্যাল এন্টারপ্রাইজ নিভিন রেজা বলেন, শিক্ষার্থীদের প্রতিভা চিহ্নিত করা, স্বীকৃতি দেওয়া, বিকশিত করা এবং মেন্টরিংয়ের মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজেদের কাজ তুলে ধরা, একে অপরের সঙ্গে পরিচিত হওয়া ও সম্মিলিতভাবে শেখার সুযোগ তৈরিতে ব্র্যাক নেক্সটজেন কাজ করছে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, “আজকের চিত্রকর্ম, উদ্ভাবনী ধারণা ও পরিবেশনাগুলোতে তোমাদের ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা স্পষ্ট হয়েছে। তোমাদের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আমাদের কাজ হলো সেই দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া।”

ব্র্যাক নেক্সটজেনের দীর্ঘমেয়াদি লক্ষ্য শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ধারাবাহিক সুযোগ ও সহায়ক পরিবেশ তৈরি করা। এ লক্ষ্যে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে ‘ব্র্যাক নেক্সটজেন ফেলোজ’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নিয়মিত মেন্টরিং, দক্ষতা উন্নয়ন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, প্রদর্শনী ও অন্যান্য শিক্ষার্থীভিত্তিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ‘সলভ’ বিভাগের সম্ভাবনাময় উদ্ভাবনী ধারণাগুলো বাস্তব প্রয়োগের সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

শিক্ষার্থীরা নিজেদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা অন্যদের সঙ্গে ভাগ করে নেবে এবং বিদ্যালয় পর্যায়ে সহপাঠীদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করবে—এ প্রত্যাশা নিয়ে ব্র্যাক নেক্সটজেন শিক্ষার্থীদের প্রতিভা আবিষ্কার, বিকাশ ও ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার ধারাবাহিক উদ্যোগ হিসেবে কাজ করছে।