রাঙামাটিতে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের আন্তঃআঞ্চলিক অভিজ্ঞতা বিনিময়

রাঙামাটি, ২৭ নভেম্বর ২০২৬: বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞতা বিনিময়, স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত উদ্যোগ এবং আন্তঃআঞ্চলিক সহযোগিতার মাধ্যমে শিশুদের প্রারম্ভিক শৈশব বিকাশ (ইসিডি) কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে রাঙামাটিতে তিন দিনব্যাপী আন্তঃআঞ্চলিক বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন) ২৪ থেকে ২৬ নভেম্বর রাঙামাটিতে তাদের তিনটি মডেল আঞ্চলিক হাবের প্রতিনিধিদের নিয়ে এ বিনিময় সফরের আয়োজন করে। এতে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ইসিডি রিসোর্স পুলের সদস্য, আঞ্চলিক হাবের প্রতিনিধিরা এবং বেনের কেন্দ্রীয় সচিবালয়ের সদস্যরা অংশগ্রহণ করেন।

সফরে অংশগ্রহণকারীরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (সিএইচটিডিবি) টেকসই সামাজিক সেবা (এসএসএস-সিএইচটি) প্রকল্পের আওতায় পরিচালিত পাড়া কেন্দ্র মডেল সম্পর্কে সরেজমিনে অভিজ্ঞতা অর্জন করেন। নির্বাচিত পাড়া কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে প্রত্যন্ত ও আদিবাসী জনগোষ্ঠীর শিশুদের জন্য কমিউনিটিভিত্তিক কেন্দ্রগুলো কীভাবে প্রারম্ভিক শিক্ষা, প্রাক-প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি এবং শিশু সুরক্ষাসেবা সমন্বিতভাবে প্রদান করছে, তা পর্যবেক্ষণ করেন তাঁরা।

পরিদর্শনকালে পাড়া কর্মী, কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। এসব আলোচনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নেতৃত্ব, কেন্দ্র পরিচালনায় স্থানীয় মালিকানা এবং সমন্বিত ইসিডি কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করার বিভিন্ন দিক উঠে আসে।

সফরের অংশ হিসেবে ২৫ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা তুলে ধরা, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক এবং এসএসএস-সিএইচটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন ও তিনটি আঞ্চলিক হাবের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কর্মশালাটি সমৃদ্ধ হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন সিএইচটিডিবির উপসচিব ও এসএসএস-সিএইচটি দ্বিতীয় পর্যায় প্রকল্পের পরিচালক মো. জাহিদ ইকবাল। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের ভাইস চেয়ার মাহমুদা আখতার।

এই বিনিময় সফরের উদ্দেশ্য ছিল বিভিন্ন অঞ্চলে অনুসরণযোগ্য ভালো চর্চা চিহ্নিত করা, তিনটি আঞ্চলিক ইসিডি রিসোর্স পুলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা এবং অন্তর্ভুক্তিমূলক, মানসম্মত ও স্থানীয় জনগোষ্ঠীর চাহিদাভিত্তিক ইসিডি কার্যক্রম এগিয়ে নিতে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করা।

আয়োজকরা জানান, প্রতিটি শিশুর জীবনের শুরুটা সুন্দর ও সম্ভাবনাময় করে তুলতে সমন্বিত উদ্যোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ আয়োজন সফল করতে এসএসএস-সিএইচটি প্রকল্প ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক। পাশাপাশি আঞ্চলিক হাবের সচিবালয় হিসেবে কোডেক, জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এবং সমষ্টি ফাউন্ডেশন সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। সফরে  বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অংশ নেন ।

আঞ্চলিক পর্যায়ে পারস্পরিক শিক্ষা, সংযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সারা দেশে প্রারম্ভিক শৈশব বিকাশ কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক।