কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহীর বাগমারায় এক যুবতীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই যুবতী নিজেই বাদী হয়ে ধর্ষক জুয়েল রানার (২১) নামে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ (সোমবার) সকালে জুয়েল রানাকে আটক করেছে পুলিশ। দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীগঞ্জ পৌর এলাকার ওই যুবতীর সঙ্গে সাদিপুর গ্রামের জাবেদ আলীর বিবাহিত ছেলে জুয়েল রানার প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এরই সূত্র ধরে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় বিয়ের প্রলোভন দিয়ে জুয়েল রানা ওই যুবতীকে নিয়ে নওগাঁ জেলার ধোপাপাড়ার এক বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে ওই যুবতীকে আটকে রেখে ধর্ষণ করে। পরে জুয়েল রানা কৌশলে যুবতীকে তার বাড়িতে রেখে পালিয়ে যায়। তবে বিষয়টি প্রকাশ পেলে জুয়েল রানার শ্বশুরবাড়ির লোকজনে আজ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, জুয়েলের আগের স্ত্রী আছে। কিন্তু তার পরেও জুয়েল আরেক যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেছে বলে মামলা হয়েছে। আটক জুয়েল রানাকে দুপুরে ওই মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
