রংপুর থেকে জয়নাল আবেদীন: চলমান রাজনৈতিক সহিংসতা, বোমাবাজি, অগ্নিসংযোগে মিঠাপুকুরে পাঁচজনসহ সারাদেশে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিহতদের স্মরণে রংপুর নগরীতে শোক দিবস পালিত হয়েছে। সামাজিক সংগঠন জাগো রংপুর (১৯ জানুয়ারি) এসব কর্মসূচির আয়োজন করে।
রাজনৈতিক হত্যা-সহিংসতার প্রতিবাদে রংপুরে শোক র্যালি
শোক দিবসে শহরের দোকান-পাট, অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও সাধারণ মানুষ কালো ব্যাজ ধারণ করেন। শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ হতে কালো পতাকা ও কালো ব্যাজ ধারণকারী সহস্রাধিক মানুষের শোক মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোক মিছিল শেষে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য সচিব ডা. সৈয়দ মামুনুর রহমান, অনু রহমান, মোশফেকা রাজ্জাক। রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয় । এছাড়া এসএসসি পরিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।


