রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে পেট্রলবোমায় দগ্ধ হয়ে নিহত ট্রাকের হেলপার শহিদুল ইসলামের জানাজায় অংশ নিয়ে বিএনপি-জামায়াতের সহিংসতা প্রতিরোধের শপথ নিলেন হাজারো মানুষ। মঙ্গলবার সকালে নিহত এই হেলপারের জানাজা অনুষ্ঠিত হয় তার গ্রাম মোল্লার ডাইংপাড়ার আমবাগানে।

জানাজায় উপস্থিত হয়েছে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, আজ এখন এক শহিদুলের জানাজা হচ্ছে। এমন সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলেও আগামীতে আরও অনেক শহিদুলের জানাজা হবে। এমন সহিংসতা আমরা চাই কি না-প্রশ্ন রাখতেই হাজারো মানুষ সহিংসতা রুখে দিতে শপথ নেন। সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন।
২ ফেব্রুয়ারি নগরীর নওদাপাড়া এলাকায় লিলি সিনেমা হলের সামনে অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছিলেন ট্রাকের হেলপার শহিদুল। সোমবার বিকালে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
