থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের দুর্গম পাহাড়ি জঙ্গল থেকে ৩২ জন বাংলাদেশী অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সংখোলা প্রদেশের হাত ইয়াই ও রাত্তাফুম জেলা সংলগ্ন একটি পাহাড় থেকে তাদের উদ্ধার করে পুলিশ। সেখানকার একটি বনের পাশে হাঁটাহাঁটি করার সময় স্থানীয় পুলিশের নজরে আসে তারা।
পুলিশের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট পত্রিকা জানায়, ক্ষুধা আর ক্লান্তিতে তাদের শরীর ভেঙে পড়েছে। তাদের রাত্তাফুমের একটি আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।
এর আগে রাত্তাফুম থেকে উদ্ধার হওয়া আরও ১১৭ জন অবৈধ অভিবাসীকে এ আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এদের মধ্যে ৯১ জনই বাংলাদেশী বলে রয়টার্সের বরাত দিয়ে বিবিসির একটি খবরে জানানো হয়।

গত সপ্তাহে মালেশিয়া সংলগ্ন সংখলা প্রদেশে জঙ্গলের গণকবর থেকে ৩৩টি মৃতদেহ উদ্ধার হওয়ার পর এ এলাকায় পাচারকারীদের ধরতে এবং অবৈধ পাচারের শিকার মানুষদের উদ্ধার করতে অভিযান চালাচ্ছে থাই কর্তৃপক্ষ।
থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম এখন সংখলা প্রদেশে রয়েছেন।
