শেরপুরে ফের বাস ধর্মঘটের ঘোষণায় যাত্রীরা দুর্ভোগে

শেরপুর থেকে রেজাউল করিম বকুল: চাঁদাবাজি বন্ধের দাবিতে বুধবার দুপুর থেকে শেরপুরে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডাকা হয়েছে। এর ফলে সারাদেশের সাথে জেলার সকল দূরপাল্লার বাস-কোচ চলাচল বন্ধ হয়ে গেছে। তবে নবীনগর স্ট্যান্ড থেকে আংশিক কিছু গাড়ি চলাচল করলেও  হাজারো যাত্রী পড়েছে চরম দুর্ভোগে।

শেরপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন জানান, প্রথমে শেরপুরসহ ৭জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হলেও পরে উত্তরাঞ্চল বাস মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও ঢাকা জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক শামীমের নির্দেশে শুধু শেরপুরে প্রাথমিক অবস্থায় এ ধর্মঘট ডাকা হয়। যদি অনতিবিলম্বে এ সমস্যার সমাধান না করা হয় তাহলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল জুড়েই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হবে বলে তিনি জানান। চাঁদাবাজি বন্ধের দাবিতে বাস চলাচল নিয়ে সংকট নিরসনকল্পে শেরপুর জেলা প্রশাসনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় শেরপুর বাস মালিক সমিতির সিদ্ধান্তে আজ বুধবার থেকে শেরপুরে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডাকা হয়েছে। অন্যদিকে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মস্তুফা জানান, এ অবৈধ ধর্মঘট সাধারণ মালিকরা মানেনি। অন্যদিনের মত আজও  নবীনগর স্ট্যান্ড হতে যথারীতি বাস চলাচল করছে।

শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনাল ও জামালপুর বাস টার্মিনাল ভিত্তিক শ্রমিক ও মালিক নেতৃবৃন্দের দ্বন্দ্বকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে আন্ত:জেলা সড়কে বাস চলাচল বিঘিœত হচ্ছিল এবং গত কয়েকদিনে বিভিন্নভাবে দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা চললেও শেষ পর্যন্ত কোনও সুরাহা হয়নি।