দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর সদরে বিয়ের প্রলোভন দিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরিফুল ইসলামকে (২৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের নারী শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আখতার-উল-আলম তার আদালতে এই রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম একই গ্রামের ১৩ বছর বয়সের এক শিশুকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে আরিফুল ইসলাম ২০০৯ সালের ১৫ জুলাই তাকে বিয়ে করতে অস্বীকার করলে সামাজিকভাবে শালিস বৈঠক করা হয়। বৈঠকে বিষয়টি সুরাহা না হওয়ায় শিশুটির পিতা বাদী হয়ে ২০০৯ সালের ২ আগস্ট কোতয়ালী থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে আরিফুলকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় বিচারামলে বাদী পক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক রায় দেন। জরিমানার ২৫ হাজার টাকা জেল কোড অনুযায়ী আদায় করে ধর্ষণের শিকার শিশুকে প্রদান করার জন্য রায়ে আদেশ প্রদান করেন।
