হায়দার হোসেন, গোপালগঞ্জ: পারিবারিক কলহের জের ধরে কাশিয়ানীতে শারমিন সুলতানা (১৯) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা কলেজ ছাত্রীকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এমএ খালেক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে কাশিয়ানী এমএ খালেক ডিগ্রি কলেজ ক্যাস্পাসে মানববন্ধনে মিলিত হয় তারা। এসময় দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা।
মানববন্ধনের সময় বক্তব্য রাখেন কলেজের ভিপি আজাদ মৃধা, জিএস ইমদাদুল হক স্বপন, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, ছাত্রনেতা মোর্শেদ আলম, আল মামুন শাওনসহ অন্যরা। বক্তরা, শারমিন সুলতানার হত্যাকারী নৌবাহিনীর সদস্য স্বামী সজিবুজ্জামান জনি ও পরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজরা গ্রামে পারিবারিক কলহের জের ধরে অন্তঃসত্ত্বা শারমিন সুলতানাকে হত্যা করে তার স্বামী সজিবুজ্জামান জনি ও তার পরিবারের সদস্যরা। জনি নৌবাহিনীর সদস্য। এ ঘটনায় শাশুড়ি পারুলকে আটক করলেও স্বামী পলাতক রয়েছে।
ছাত্রীকে উত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড
কাশিয়ানীতে এক কলেজ ছাত্রকে বুধবার রাতে ইভটিজিং করার অপরাধে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, কাশিয়ানী উপজেলার বাগঝাপা গ্রামের সিরাজুল ইসলাম সিরুর ছেলে কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের ছাত্র মাহবুবুর রহমানকে (১৮) দীর্ঘদিন ধরে তার সহপাঠী এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে পুলিশ বুধবার বিকেলে গ্রেফতার করে। তাকে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক রাতে মাহবুবুর রহমানকে এক মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠান। উপস্থিত মোক্তার হোসেন নামে একজন এসময় অশোভন আচরণ করলে আদালত তাকে এক হাজার টাকা জরিমানা করেন।
জামায়াত নেতা গ্রেফতার
কাশিয়ানীতে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মহেশপুর ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের রিজাউল করিমকে (৪২) তার বাড়ি থেকে পুলিশ বৃহস্পতিবার দুপুরে একটি নাশকতা মামলায় গ্রেফতার করে তাকে জেলহাজতে পাঠিয়েছে।
