প্রতিনিধি, খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান উন্নয়ন সহযোগীদের প্রতি খুলনা অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে বাড়তি অর্থ বরাদ্দের আহবান জানিয়েছেন। তিনি বলেন, খুলনা মহানগরীসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন জাতিসংঘসহ বিভিন্ন দাতাগোষ্ঠীর অবদান রয়েছে। আগামীতেও উন্নয়ন সহযোগীরা এই অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিটি মেয়র বুধবার দুপুরে নগর ভবনে জাতিসংঘের দুই সদস্যের প্রতিনিধিদলের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। খুলনা মহানগরী এলাকায় ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট এ্যাসিসট্যান্স ফ্রেমওয়ার্ক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেসিসি পরিচালিত ‘নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় জাতিসংঘের সিনিয়র ইভ্যালুয়েশন স্পেশালিস্ট ও টিম লিডার জোয়েল বিসকা, ঢাকা বিশ্ববিদ্যালয়েল সোসিওলজি বিভাগের প্রফেসর সালমা আক্তার, জার্মানির ব্রিমেন ইউনিভার্সিটির প্রফেসর ড. বিভূতি ভূষণ রায়, কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, ‘নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের টাউন ম্যানেজার মো. মোস্তফাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জাতিসংঘের প্রতিনিধিরা খুলনাঞ্চলে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত জাতিসংঘের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
