মো: ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে ইলিশ শিকার করার সময় ১২ জেলেকে আটক করেছে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। এ সময় ১৪ হাজার মিটার জাল ও ৫০টি মা ইলিশ জব্দ করা হয়।
সোমবার ভোর রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত কমলনগরের মেঘনা নদীর মতিরহাট, বাতিরঘাট ও লুধূয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
![Lakshmipur_pic[1]](https://desherkhobor.net/wp-content/uploads/2015/10/Lakshmipur_pic1-269x200.jpg)
কমলনগরের হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন জানান, নদীতে মা ইলিশ শিকাররের সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ১০ হাজার মিটার জাল ও ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হবে।
এদিকে, কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন বলেন, গোপন সংবাদে খবর পেয়ে মেঘনা নদীর লুধূয়া ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার মিটার জালসহ আরও ৪ জনকে আটক করা হয় । আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।
২৫ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১’শ কিলোমিটার এলাকায় মাছধরা যাবে না। পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
