আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনী সংহিংসতায় দুই গ্রুপের ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আশংকাজনক অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার সকালে গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড (মূলবাড়ি) গ্রামে মেম্বার পদের বিজয়ী ও বিজিত গ্রুপের মধ্যে এ সহিসংতা ঘটে।
এলাকাবাসী ও আহতরা জানান, নির্বাচনের দিন বিকেলে গোলাবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী আবু হানিফ (তালা) ও আব্দুস সামাদ (টিউবওয়েল) সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি বেধে যায়। এ সময় আবু হানিফ গ্রুপের বেলাল হোসেনের গর্ভবতী স্ত্রী মর্জিনা বেগম (৩০) ও বেলালের ছোট ভাই রঞ্জু (২৫) আহত হন। এর জের ধরে বোরবার সকালে বিজয়ী মেম্বার আবু হানিফ গ্রুপের লোকজন বিজিত আব্দুস সামাদ গ্রুপের সমর্থকদের বাড়িতে হামলা চালান।
এ সময় দুই পক্ষের সংঘর্ষে বিজিত গ্রুপের আমজাদ হোসেন (৫৫), তার স্ত্রী মিনারা খাতুন (৪৮), ছেলে মঞ্জুরুল হক মিন্টু (৩০), মেহেদী হাসান সবুজ (২২) ও রীণা খাতুন (৩৫) এবং বিজয়ী গ্রুপের বেলাল হোসেন (৩৭), সুরুজ মিয়া (২৩), আলাউদ্দিন (২৪), আমিনুল হক (২৬) ও জরিনা বেগম (৬০) আহত হন।
আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আশংকাজনক হওয়ায় বিজিত গ্রুপের রীণা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
আবু হানিফ গ্রুপের আহত বেলাল হোসেন জানান, চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি কাজেই থানায় মামলা করতে বিলম্ব হচ্ছে।
এ ব্যাপারে মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, ঘটনা শুনেছি কিন্তু এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
