জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): মুক্তিপণের দাবিতে মংলার সুন্দরবনের পশুর নদী থেকে ২৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে দস্যুরা। জেলে-মহাজন সূত্র জানায়, শুক্রবার ভোরে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর জোংড়া ও মরাপশুর এলাকায় নেট জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ করছিল জেলেরা। এ সময় ওই এলাকায় জেলেদের উপর হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী।
দস্যুরা মুক্তিপণের দাবিতে জেলে বহরে হামলা চালিয়ে ২৫ জেলেকে অপহরণ করে বনের গহীনে নিয়ে যায়। পরে দস্যুরা অপহৃত জেলেদের মুক্তিপণ বাবদ জনপ্রতি ৫০ হাজার টাকা করে দাবি করেছে বলে জানায় জেলেরা। অপহৃত জেলেদের বাড়ি মংলার জয়মনি, চিলা, সুন্দরতলা ও বাগেরহাটের রামপালে।
