মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): নিখোঁজের ছয় দিন পার হলেও পটুয়াখালীর কলাপাড়ার মিশ্রিপাড়া ফাতেমা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইমরান হোসেনের (১৫) সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় জিডি করলেও পুলিশ নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধান দিতে না পারায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর স্বজনরা।
কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের তারিকাটা গ্রামের মামুন হাওলাদারের ছেলে ইমরান ৫ জুলাই (মঙ্গলবার) সকালে ফুফা ফোরকান মোল্লার বাসা থেকে নিজ বাড়িতে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়।

ইমরানের ফুফা ফোরকান মোল্লা জানান, ঈদে বাড়ি যাওয়ার জন্য সকালে তারা দু’জন এক সাথে বাসা থেকে বের হন। কলাপাড়ার লক্ষী বাজার পর্যন্ত তারা একসাথেই ছিলেন। সেখান থেকে তিনি আলীপুর বাজারে যান এবং ইমরান তারিকাটা গ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু সে বাসায় না গিয়ে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় মহীপুর থানায় জিডি করা হয়েছে (জিডি নং- ২৩৪/১৬)।
নিখোঁজের ছয় দিন অতিবাহিত হলেও ইমরানের সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে ছেলেকে না পেয়ে ইমরানের পরিবারের সদস্যরা এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে।
এ বিষয়ে কলাপাড়ার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, নিখোঁজ ইমরানের সন্ধানে তারা বিভিন্ন এলাকায় খোঁজ অব্যাহত রেখেছেন।
