প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখা ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার জঙ্গিবাদ এবং সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ঈশ্বরদী প্রেসক্লাব চত্ত্বরে শিক্ষকদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আয়নুল ইসলাম।
ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় পরিচালিত সভায় একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সহকারী অধ্যাপক শহীদুল হক শাহীন, শিক্ষক, মিনহাজ উদ্দিন, দেলোয়ার হোসেন, মীর হান্নানুর রহমানসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, ধর্মান্ধতা বা ধর্ম সম্পর্কে ভালোভাবে না-জানা এবং না-বোঝার কারণেই কোমল শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। সন্তানের প্রতি পিতামাতার অমনোযোগিতা এবং তাদের কাজকর্মে খোঁজখবর না-রাখা এজন্য দায়ী। বক্তারা এসময় পিতামাতা ও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় সরকার প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগে জঙ্গিবাদ নির্মূল করার সমন্বিত কার্যক্রমে সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান শিক্ষকরা।
ধনবাড়ীতে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শিক্ষক সমিতি জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে।

শনিবার ধনবাড়ী-জামালপুর মহাসড়কের পাশে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মীর মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিব উদ্দিন, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, ধনবাড়ী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এসএম মাসুদ কবীরসহ অন্যরা।
সমাবেশ শেষে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে বের হওয়া মিছিল সমিতির কার্যালয়ে এসে শেষ হয়।
