আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরার প্রত্যন্ত গ্রামের একটি মাদ্রাসায় লুকিয়ে থাকা চার জঙ্গিকে আটক করেছে জনতা। শুক্রবার বিকেল ৫টায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদের সঙ্গে থাকা নয় বছরের এক শিশুকেও আটক করা হয়।
খাজরা ইউনিয়নের চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম বলেন, জঙ্গিরা স্থানীয় ফটিকখালী হাফিজিয়া মাদ্রাসার হেফজখানায় কুড়িদিন ধরে অবস্থান করছিল। চলাফেরায় সন্দেহ হলে এলাকার মানুষ তাদের আটকে জিজ্ঞাসাবাদ করলে তারা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এসময় তারা জানায়, পুলিশের গ্রেফতার অভিযান এড়াতে এখানে লুকিয়েছিল।
পরে তাদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তাদের কাছ থেকে বিভিন্ন বই-পুস্তক, লিফলেট ও বিভিন্ন অঞ্চলের ম্যাপও উদ্ধার করা হয়। তবে তারা কোনো সংগঠনের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেনি। তবে তারা জুমার নামাজ শেষে কয়েকটি অঞ্চলে ভাগ হওয়ার চেষ্টায় ছিল বলে স্বীকার করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানান আশাশুনি থানার ওসি গোলাম রহমান।
আটক জঙ্গিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদার মেহেদী হাসান ইমরান (২৩), খুলনার লবণচরা থানার হাসনাবাদ গ্রামের রফিকুল ইসলাম (২৭), মেহেরপুরের শিবচরের আলোপুরের মোশাররফ হোসেন (২০), শরীয়তপুরের জাজিরার চরধুপুর গ্রামের নাজিম হোসেন (১৭)। আটক হওয়া শিশুটির বাড়ি শরীয়তপুরের চরদুপুরে।
