ট্রেইনি কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ, আবেদন করতে হবে ১ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীরা ১ জুলাই থেকে ২৪ জুলাই ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারীকে অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে বাংলাদেশি স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২০ বছর (২৪ জুলাই ২০২৫ তারিখে)।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে ৩১ ইঞ্চি (স্বাভাবিক) ও ৩৩ ইঞ্চি (সম্প্রসারিত)। নারী প্রার্থীদের জন্য উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ২৯ ইঞ্চি (স্বাভাবিক) ও ৩১ ইঞ্চি (সম্প্রসারিত)। উভয় ক্ষেত্রেই ওজন বয়স ও উচ্চতার অনুপাতে হতে হবে।

শারীরিক সক্ষমতা যাচাই (ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট বা পিইটি)

নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে অনুষ্ঠিত হবে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা। পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার দৌড় শেষ করতে হবে ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে, লং জাম্প দিতে হবে ১০ ফুট এবং হাই জাম্প ৩.৫ ফুট—প্রতিটি তিনবার করে। নারী প্রার্থীদের ৮০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে ৫ মিনিটে, লং জাম্প ৭ ফুট এবং হাই জাম্প ২.৫ ফুট, প্রতিটিই তিনবার করে দিতে হবে।

লিখিত পরীক্ষা

শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এতে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। বাংলা, ইংরেজি ও গণিতে ২০ নম্বর করে এবং সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর।

মৌখিক পরীক্ষা

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

চূড়ান্তভাবে নির্বাচন ও প্রশিক্ষণ

শারীরিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ছয় মাসের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী অথবা অন্যান্য নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে। প্রশিক্ষণকালীন সময়ে নির্বাচিতদের দৈনিক ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীকে কনস্টেবল পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং সরকার নির্ধারিত বেতন স্কেল ও অন্যান্য ভাতা প্রযোজ্য হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহীরা police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি হিসেবে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদনপ্রক্রিয়া শেষে প্রার্থীরা একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন, যা দিয়ে আবেদন ফরম ডাউনলোড ও ফি পরিশোধ নিশ্চিত করতে হবে।

জেলাভিত্তিক শারীরিক পরীক্ষার সময়সূচি

শারীরিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগ্রহী প্রার্থীদের জেলায়। পুরুষ প্রার্থীদের জন্য পিইটি শুরু হবে ২ আগস্ট এবং চলবে ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত। নারী প্রার্থীদের পিইটি অনুষ্ঠিত হবে ৪ আগস্ট। এরপর লিখিত পরীক্ষা হবে ১০ আগস্ট এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট জেলা পুলিশ লাইনে উপস্থিত থাকতে হবে। প্রতিটি জেলার সুনির্দিষ্ট সময়সূচি সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে।

কোটা সুবিধা

নিয়োগে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি সদস্যদের জন্য নির্ধারিত কোটা সংরক্ষিত থাকবে।

সতর্কতা

আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদান করলে তা বাতিল বলে বিবেচিত হবে। কোনো ধরনের দালাল বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে। বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ প্রয়োজনে বিজ্ঞপ্তি বা নিয়োগপ্রক্রিয়া বাতিল করতে পারে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক। কেউ যেন অবৈধ সুবিধা গ্রহণ বা কাউকে লেনদেনের প্রস্তাব না দেন, সে বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে। আইন লঙ্ঘন করলে প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন police.gov.bd ওয়েবসাইট অথবা যোগাযোগ করুন ১৬২২২ নম্বরে।