জুলাইয়ের প্রথম ছয় দিনে দেশে পানিতে ডুবে ৩২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক:  জুলাইয়ের প্রথম ছয়  দিনে দেশের ১৮ জেলায় অন্তত ৩২ জন শিশু পানিতে ডুবে মারা গেছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণে দেখা যায়, মৃত শিশুদের ৭ জনের বয়স ছিল ৫ বছরের নিচে, ৬ থেকে ৯ বছরের ১২ জন, ১০ থেকে ১২ বছর বয়সী  ৭ জন, এবং ১৩ থেকে ১৭ বছর  বয়সী ৬ জন।

জুলাইয়ের ১ তারিখ থেকে ৬ তারিখের মধ্যে সংঘটিত ২২টি দুর্ঘটনার এসব শিশু মারা যায়। এর মধ্যে ১০টি ঘটনায় একাধিক শিশু মারা গেছে।

নিহত শিশুদের ২৮ জন বাড়ির পাশের পুকুর, ডোবা বা অন্যান্য জলাশয়ে মারা যায়।  বাকিরা নদী বা অন্য জলাশয়ে ডুবে মারা যায়। খেলতে গিয়ে, গোসল করতে গিয়ে অথবা পরিবারের সদস্যদের অগোচরে পানিতে ডুবে যায় তারা।

অধিকাংশ দুর্ঘটনাই ঘটেছে সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে। তবে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ঘটেছে সবচেয়ে বেশি মৃত্যু।

ঘটনাসমূহ:

১ জুলাই, ২০২৫

দিনাজপুর (ঘোড়াঘাট): পালশা ইউনিয়নের বেলওয়া গোপালপুর নূর মোহাম্মদ (২) বাড়ির পাশে খেলার সময় পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে পুকুরে ভাসতে দেখেন।

বরগুনা (সদর): নলটোনা ইউনিয়নের পাতাকাটা গ্রামে গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ (৫) এবং রাসেল হোসেনের ছেলে ইয়াসিন (৮) খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়।

২ জুলাই, ২০২৫

ঝিনাইদহ (কোটচাঁদপুর): বহরামপুর গ্রামে (কুশনা বহরামপুর বাওড় পাড়) বল তুলতে গিয়ে বাওড়ের পানিতে ডুবে আলিফ নামের এক শিশুর মৃত্যু হয়। আলিফ ওই গ্রামের রাশেদ আলীর ছেলে।

দিনাজপুর (ঘোড়াঘাট): সিংড়া ইউনিয়নের মংলিশপুর গ্রামে। সেখানে হাসিব মিয়া (১২) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় মারা যায়।

৩ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ (শাল্লা): মির্জাকান্দা গ্রামের আকিব মিয়া (৬) ও তানভীর হোসেন (৫) খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

কুমিল্লা (বরুড়া): সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের মেয়ে নিধি পোদ্দার (৯) এবং রিপন পোদ্দারের মেয়ে বন্নি পোদ্দার (৯)। তারা দুজনেই পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল

৪ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁও (বালিয়াডাঙ্গী): চারোল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে পুকুরে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭) নামের দুই শিশু মারা যায়। তারা চাচাত ভাই।

নারায়ণগঞ্জ (আড়াইহাজার): বিকেল সাড়ে ৩টার দিকে কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় পুকুরে গোসল করতে নেমে খাদিজা (১১) ও ইসরাত (১২) নামের দুই শিশুর মৃত্যু হয়।

কিশোরগঞ্জ (করিমগঞ্জ): দুপুর সাড়ে ১২টার দিকে কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া গ্রামে বাড়ির পাশের বৃষ্টির পানিতে ভরা গর্তে গোসল করতে গিয়ে ইয়াসমিন আখতার (৮) ও তাইয়্যেবা আখতার (৯) নামের দুই চাচাতো বোনের মৃত্যু হয়।

খুলনা (বটিয়াঘাটা, পানখালী): পানখালী এলাকার রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের ওয়েভ পুলে ডুবে হাবিবুর রহমান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়।

সিলেট (জাফলং): পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে পিয়াইন নদীতে ডুবে মাহিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়। মাহিন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার শহীদপাড়া গ্রামের জামিল আহমেদের ছেলে।

রংপুর (গোবিন্দগঞ্জ): গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ-সংলগ্ন পুকুর থেকে শাহাদাত হোসেন (১৪) নামের এক সপ্তম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। শাহাদাত হোসেন উপজেলা শহরের মাসুদ হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া (সদর): জেলা শহরের ভাদুঘরের খাদেমের মাঠের শান্তিনগর এলাকার একটি ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে হোসাইন (১১) ও তার বোন জান্নাত আখতার (৮) ডুবে মারা যায়।

৫ জুলাই, ২০২৫

গাজীপুর (কালীগঞ্জ): শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে আপন হাসান (১৩) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। আপন উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে। বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে বল আনতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়।

সাতক্ষীরা (কালীগঞ্জ):  কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে পুকুরে ডুবে জুলকার হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়। জুলকার হোসেন কালিকাপুর গ্রামের ইসমাইল গাজীর ছেলে।

যশোর (সদর): শহরের চাচড়া রায়পাড়ায় মারিয়া (২) নামে এক শিশু বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।

নেত্রকোনা (কলমাকান্দা): খারনৈ ইউনিয়নের বরদল গ্রামে সন্ধ্যার দিকে সাত বছর বয়সী সামির হোসেন পানিতে ডুবে মারা যায়। সামির হোসেন ওই গ্রামের বিল্লাল হোসেন ও শিরিন আক্তার দম্পতির সন্তান।

কুড়িগ্রাম (রাজিবপুর): কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকারপাড়া গ্রামে পানিতে ডুবে আরমান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

৬ জুলাই, ২০২৫

পঞ্চগড় (তেঁতুলিয়া): তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাগুরা এলাকায় ডোবার পানিতে পড়ে আসমা খাতুন (১৫ মাস) নামের এক কোলের শিশুর মৃত্যু হয়েছে। আসমা একই এলাকার আয়নাল হকের কন্যা। শিশুটি তার মায়ের অগোচরে বাড়ির উঠোন থেকে বাইরে বের হয়ে ডোবার পানিতে পড়ে যায়।

গাজীপুর (কোনাবাড়ী): কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে জুনায়েদ (১২) ও আব্দুল মোমিন (১২) নামের দুই কিশোরের মৃত্যু হয়। জুনায়েদ রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় মির্জাপুর গ্রামের আকমাল হোসেনের ছেলে এবং আব্দুল মোমিন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে। তারা দেওয়ালিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত এবং স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত।

জয়পুরহাট (সদর): সদর উপজেলার দিওর গ্রামে পুকুরের পানিতে ডুবে  আবির হোসেন (৬) ও হুমাইরা আক্তার (৭) মারা যায়। আবির হোসেন হারুনুর রশিদের ছেলে ও হুমাইরা হাবিবুর রহমানের মেয়ে।

রংপুর (বদরগঞ্জ): নদী গোসল করতে গিয়ে মারা যাওয়া দুই শিশু হলো দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিমুলবাড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (১৩) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার লক্ষণপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে আলিফ হোসেন (১২)।