প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় একই দিনে দুইজন বয়স্ক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন উপজেলার সুজনশাহ গ্রামের আব্দুল মান্নান শেখ (৬০) এবং খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের তারক মন্ডল (৫৫)।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন দুই পরিবারের বরাতে জানান, মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে প্রথম ঘটনা ঘটে সুজনশাহ গ্রামে। ওই সময় আব্দুল মান্নান শেখের পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। পরে বিকেলে বাড়িতে ফিরে তারা খুঁজতে গিয়ে দেখতে পান মান্নান শেখ নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন এবং মান্নান শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।
একই দিন বিকেল ৩টার দিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে। সেখানে সুধান্ন মন্ডলের ছেলে তারক মন্ডল দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বিকেলে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তাকেও গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পান।
ওসি মাইনউদ্দীন আরও জানান, দুই মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং বিস্তারিত তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
