সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের মাউন্দে নদীসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কোস্ট গার্ড কৈখালী স্টেশনের একটি দল শ্যামনগর থানাধীন মাউন্দে নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের এক সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে তিনি তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। তখন অভিযানের দল তাকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ সময় ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র ও গুলিরবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
