পার্বতীপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, সেনাবাহিনীর হাতে যুবক আটক

মো. আফজাল হোসেন, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১ আগস্ট) দুপুরে মধ্যপাড়া পাথর খনি এলাকার পলিপাড়া গ্রামে।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, তিনি পৈতৃক জমিতে বাড়ি ও দোকান তৈরি করে অনেক দিন ধরে ব্যবসা করছেন। সম্প্রতি পাশের গ্রামের ডা. নাসিমুল ইসলাম ওই জমির অংশ নিজের দাবি করে ভাড়াটে লোকজন নিয়ে এসে তার বাড়ি-দোকান ভাঙচুর করেন এবং মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যান।

দেলোয়ার তাৎক্ষণিকভাবে মধ্যপাড়া সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোছাব্বির আলী নামে একজনকে আটক করে। তবে অন্যরা পালিয়ে যায়।

দেলোয়ার হোসেন অভিযোগ করেন, এ ঘটনায় তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অন্যদিকে অভিযুক্ত নাসিমুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই জমির একটি অংশ বৈধভাবে কিনেছেন এবং সেখানে বেড়া দিতে গিয়েছিলেন। ভাঙচুরের বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে মধ্যপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উজ্জ্বল কুমার মৈত্র জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।