সংবাদদাতা, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন শিক্ষাবৃত্তি দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস।
সোমবার (৪ আগস্ট) উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, কৃতিত্বের সনদপত্র এবং শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি পর্যায়ের ১৬ শিক্ষার্থীর প্রত্যেকে ১০ হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের ১৫ শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে এককালীন বৃত্তি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মো. আনিস আর রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফকিরহাট সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মূসা হোসাইন খান, মাউশির উপপরিচালক মো. কামরুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার মোহা. সাদেকুল ইসলাম।
এছাড়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফরহাদ হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রুখসানা ইসলাম ও ফাহিম হোসনে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জমান এবং সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
