সংবাদদাতা, বগুড়া: বগুড়ার পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী প্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা ও জীবনের উদ্দেশ্য বিষয়ে নানা অনুপ্রেরণামূলক আলোচনা হয়।
সামাজিক সংগঠন ভিবিডি, রোপ, মেধা এবং স্বপ্ন পূরণ স্কুলের যৌথ উদ্যোগে ও গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উন্নয়ন প্রতিষ্ঠান সমষ্টি ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে ছিল সেমিনার, আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. অলি উল্যা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসনাত আলী।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, আরডিএ-এর যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক এবং টেকনিক্যাল অ্যাডভাইজার এ. কে. এম. জাকারিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, নিউরনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম, সরকারি কমরউদ্দিন কলেজের অধ্যক্ষ শফিকুত তারিক, মেধা ফাউন্ডেশনের পরিচালক এনামুল হক, রোপের পরিচালক তাহমিনা পারভীন শ্যামলী এবং স্বপ্নপূরণ স্কুলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
