নবজাতকসহ চারজনের মৃত্যু, গোবিন্দগঞ্জে ট্রাক ও রিকশার মুখোমুখি সংঘর্ষ

অনলাইন ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের মৌসুমী পাম্প এলাকায় একটি ট্রাক ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে এক নবজাতকসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন।

এ ঘটনায় ছয়জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছে, যাত্রীবাহী রিকশাটি গোবিন্দগঞ্জ উপজেলার দিকে আসছিল। মৌসুমী পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে, যার ফলে রিকশাটি ভেঙে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে; তিনি ইসলামপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার জাহিদুল ইসলাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। মহাসড়কের দুই পাশে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।